নিজেদের তৈরি সফটওয়্যারে পরীক্ষা নিচ্ছে বিডিইউ

৭ আগষ্ট, ২০২১ ১৭:২৮  
নিজেদের তৈরিকৃত প্রক্টরড রিমোট এক্সাম (PRExa) সফটওয়্যারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চুড়ান্ত পরীক্ষা নিচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ।  শনিবার (০৭ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের আইওটি বিভাগের প্রথম প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা গ্রহণের মাধ্যমে শুরু হয়েছে করোনা প্রাদুর্ভাবের কারণে স্থগিত পরীক্ষা কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর অনলাইনে উপস্থিত থেকে পরীক্ষা পর্যবেক্ষণ করেন। অপরদিকে নিজ নিজ PRExa প্যানেল থেকে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা তদারকি করেন ইনভিজিলেটররা। বিশ্ববিদ্যালয়ের আইসিটি টিম এবং পরীক্ষা কমিটি সার্বক্ষণিক অনলাইনে থেকে ইনভিজিলেটরগন এবং পরীক্ষার্থীদের প্রযুক্তিগত ও অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই পদ্ধতিতে সম্পূর্ণ অথেনটিক এবং রিলায়েবল ভাবে পরীক্ষা নেওয়া সম্ভব যা অন্য কোন ভিডিও কনফারেন্সিং মাধ্যম ব্যবহার করে সম্ভব নয়। বাংলাদেশে এই প্রথম একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এরকম একটি আন্তর্জাতিক মানের সফটওয়্যার ব্যবহার করে করোনা অতিমারির মধ্যে সফলভাবে পরীক্ষা নেওয়ার দৃষ্টান্ত স্থাপন করলো।